উৎসবমুখর পরিবেশে যশোর–৫ মণিরামপুর আসনে ভোট গ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে যশোর–৫ মণিরামপুর আসনে ভোট গ্রহণ চলছে

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোর–৫ (মণিরামপুর) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মণিরামপুর পৌরসভা, রোহিতা ও খেদাপাড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সাধারণ ভোটাররা জানান, কোনো ধরনের বাধা বা ভীতি ছাড়াই তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। এখন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং জনমনে স্বস্তি বিরাজ করছে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আসনজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এ ছাড়া নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিসহ ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বিঘ্ন ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, যশোর-৫ আসনে এবার মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে বিএনপির রশীদ আহমাদ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক (দাঁড়িপাল্লা) ও স্বতন্ত্র প্রার্থী শহীদ মো. ইকবাল হোসেনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন