ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র বিজয়ী প্রার্থী মাহমুদুল হোসাইন অলি উল্লাহকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন তাঁর সমর্থক ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা কেওড়াবুনিয়া পীরের দরবারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এই দাবি জানান।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী অলি উল্লাহ ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে অলি উল্লাহ এখন সংসদে ইসলামী আন্দোলনের একমাত্র প্রতিনিধি।
সমর্থকদের দাবি, ইসলামী আন্দোলন কোনো জোটে না গিয়ে সারাদেশে ২৫৩টি আসনে একক প্রার্থী দেওয়ায় ভোটের সমীকরণ বিএনপির পক্ষে গেছে। সদর উপজেলা নেতা ইদ্রিসুর রহমান বলেন, “আমরা জোটে না গিয়ে এককভাবে লড়ায় বিএনপি সারাদেশে ভূমিধস বিজয় পেয়েছে। বিশেষ করে জামায়াতের সাথে আমাদের সমঝোতা না থাকায় অনেক আসনে বিএনপি লাভবান হয়েছে। তাই আমাদের দাবি, দলের একমাত্র এমপিকে যেন যেকোনো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।”
এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, “সারাদেশে অনেক আসনে আমাদের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পাওয়ায় বিএনপির বিজয় সহজ হয়েছে। আমরা যদি অন্য কারও সাথে সমঝোতায় থাকতাম, তবে ভোটের চিত্র ভিন্ন হতে পারত। আমি আশা করি, বিএনপি এই রাজনৈতিক বাস্তবতাকে মূল্যায়ন করবে। তারা মূল্যায়ন করলে বরগুনার উন্নয়ন ও জনগণের জন্য ভালো হবে।”
তিনি আরও যোগ করেন, “কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি, তা এখন বড় বিষয় নয়। আমি এখন বরগুনার সকল মানুষের প্রতিনিধি। জনগণের কল্যাণে যা যা করা প্রয়োজন, আমি তার সবই করব।” বিশেষ করে বরগুনার সেতু ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেন তিনি।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ