আমতলীতে বিএনপি প্রার্থীর জনসভা: ২ ঘণ্টা আগেই স্কুল ছুটি

আমতলীতে বিএনপি প্রার্থীর জনসভা: ২ ঘণ্টা আগেই স্কুল ছুটি

পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা): বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা আগে ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবারের (৮ ফেব্রুয়ারি) এই ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার জনসভা রবিবার বিকেল চারটায় আমতলী পৌরসভা মাঠে শুরু হওয়ার কথা ছিল। এই জনসভাকে কেন্দ্র করে আমতলী একে হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বিকেল সাড়ে ৪টার পরিবর্তে দুপুর ২টাতেই ছুটি দিয়ে দেওয়া হয়। দুপুর দুইটার দিকে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মূল ফটক তালাবদ্ধ এবং কোনো শিক্ষক বা শিক্ষার্থী সেখানে নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান দাবি করেন, বিদ্যালয়ের পাশে জনসভা থাকায় জননিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের মৌখিক অনুমতি নিয়েই ছুটি দেওয়া হয়েছে।

তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ শাহিনুর আক্তার বলেন, "আমি আড়াইটার পর স্কুল ছুটির কথা বলেছিলাম, কিন্তু শিক্ষকদের চলে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি।" অন্যদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম জানান, জনসভার কারণে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটির কোনো নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানিয়েছেন, জনসভার কারণে স্কুল ছুটি দেওয়ার বিষয়টি তাঁর নজরে এসেছে। আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন