
স্বাস্থ্য ডেস্ক: কাঁঠাল আমাদের জাতীয় ফল হলেও এর বিচিকে অনেক সময় আমরা অবহেলা করি। অথচ পুষ্টিবিজ্ঞানীদের মতে, কাঁঠালের বিচি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এক অসাধারণ ‘টনিক’ হিসেবে কাজ করে। এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং খনিজ উপাদান শরীরকে ভেতর থেকে শক্তিশালী রাখে।
কাঁঠালের বিচির বিস্ময়কর পুষ্টিগুণ:
হজম ও পেটের সুরক্ষা: কাঁঠালের বিচির ৩০ শতাংশই হলো রেজিস্ট্যান্ট স্টার্চ, যা পাকস্থলীর উপকারী অণুজীবের (প্রোবায়োটিক) প্রধান খাদ্য। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।
ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণ: এতে থাকা ডায়েটারি ফাইবার ক্ষুধা নিবারণ করে এবং রক্তে শর্করার পরিমাণ (ব্লাড সুগার) নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ইনসুলিন সেনসিটিভিটি উন্নত হওয়ায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
উচ্চ রক্তচাপ ও হাড়ের যত্ন: কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হাড়ের ঘনত্ব বজায় রাখতে কার্যকর।
মানসিক চাপ মুক্তি: এতে থাকা উচ্চমাত্রার দ্রবণীয় প্রোটিন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। ভিটামিন বি-এর উপস্থিতির কারণে এটি নার্ভাস সিস্টেমকেও সুস্থ রাখে।
দৃষ্টিশক্তি বৃদ্ধি: প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকায় এটি দৃষ্টিশক্তি উন্নত করে এবং চোখের রেটিনার সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে।
অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ: আয়ুর্বেদ শাস্ত্রে ডায়রিয়া ও পেটের পীড়া নিরাময়ে কাঁঠালের বিচির গুঁড়ো ব্যবহৃত হয়। এটি পানিবাহিত বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
বিশেষ গবেষণা: সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কাঁঠালের বিচিতে থাকা বিশেষ এক ধরনের লেসিথিন এইডস আক্রান্ত ব্যক্তির ইমিউন সিস্টেম মূল্যায়নে ব্যবহৃত হতে পারে। এছাড়া এর শর্ট চেইন ফ্যাটি এসিড কোলনের ক্যান্সার সেলের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।
সংরক্ষণ ও খাওয়ার পদ্ধতি: ১. সংরক্ষণ: বিচি সেদ্ধ করে ডিপ ফ্রিজে অনেক দিন রাখা যায়, যা পরবর্তীতে ভর্তা বা সবজি হিসেবে খাওয়া সম্ভব। ২. পাওয়ার ড্রিংক: বিচি হালকা ভেজে গুঁড়ো করে বৈয়ামে ভরে রাখতে পারেন। এই গুঁড়ো দুধের সাথে মিশিয়ে বা চায়ের মতো করে খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায়। ৩. সবজির বিকল্প: তরকারি বা ডালের সাথে মিশিয়েও কাঁঠালের বিচি খাওয়া যায়।
পুরো মৌসুমে পরিমিত পরিমাণে কাঁঠালের বিচি খেলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার উন্নতির পাশাপাশি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম থাকে।
জান্নাত/সকালবেলা