
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে এক মসজিদের খতিবকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। গত শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া শাহ ছাহেব (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত খতিব আব্দুল মমিন বাদী হয়ে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত শরীফ হোসেন সুমন একই ইউনিয়নের বাহেরগড়া গ্রামের বাসিন্দা এবং জামায়াতের একটি ইউনিটের সভাপতি বলে জানা গেছে।
গত শনিবার (২৮ নভেম্বর) চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, এ ঘটনায় খতিব লিখিত অভিযোগ দিয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার অনলাইনে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদ প্রাঙ্গণে অভিযুক্ত সুমন উত্তেজিত হয়ে খতিব আব্দুল মমিনের মুখে ঘুষি মারছেন এবং তাঁর পাঞ্জাবির কলার ধরে টানাহেঁচড়া করছেন।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল মমিন গত চার বছর ধরে ওই মসজিদে খতিব হিসেবে জুমার নামাজ পড়িয়ে আসছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে স্থানীয় একটি মহল তাঁকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এরই ধারাবাহিকতায় নতুন মসজিদ কমিটি নতুন খতিব নিয়োগের বিজ্ঞপ্তি দেয় এবং আব্দুল মমিনকে মসজিদে আসতে নিষেধ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার তিনি মসজিদ প্রাঙ্গণে গেলে হামলার শিকার হন।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে শনিবার দুপুরে মসজিদ কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলন করা হয়। তবে সেখানে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন না। কমিটির সিনিয়র সহসভাপতি এস এম সিরাজুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার নোমান লিখিত বক্তব্যে দাবি করেন, আওয়ামী লীগের শাসনামলে অস্বচ্ছ প্রক্রিয়ায় আব্দুল মমিন খতিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং তাঁকে মসজিদে না আসার জন্য নিষেধ করা হয়েছিল।
অন্যদিকে অভিযুক্ত জামায়াত নেতা শরীফ হোসেন সুমন নিজেকে মসজিদ কমিটির সদস্য দাবি করে বলেন, খতিব তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
খতিব আব্দুল মমিন অভিযোগ করে বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর থেকেই নতুন কমিটি নিজেদের পছন্দের কাউকে বসাতে তাঁকে অপসারণের চেষ্টা করছে। এরই জেরে শুক্রবার নামাজ পড়াতে গেলে স্বৈরাচারের দোসর বলে জামায়াত নেতারা তাঁকে মারধর করেন। তাঁর পরিবারের কারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
এআইএল/সকালবেলা