
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: সাভারের হেমায়েতপুরে ট্রাক চুরির সন্দেহে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর মো. সেলিম মিয়া (২৮) নামের এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মৃত্যুর পর ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চালিয়ে দিতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিহতের স্ত্রীর টিপসহি নেওয়া হয় এবং মরদেহ গ্রামের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।
নিহত সেলিম মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের সরকার পাড়া এলাকার মৃত শমশের আলীর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে সাভারের হেমায়েতপুর পুরান পাড়ায় সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। জীবিকার তাগিদে তিনি স্থানীয় বৈশা মাদুদের ছেলে ফিরোজ কবিরের বালু পরিবহনের ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে ফিরোজ কবিরের ট্রাক স্ট্যান্ড থেকে একটি ট্রাক চুরি হয়ে যায়। চুরি হওয়া ট্রাকটির সন্ধান না পেয়ে সেলিম মিয়াকে সন্দেহ করেন ফিরোজ কবির। এর জেরে গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সেলিমকে হেমায়েতপুরের ভাঙ্গা ব্রিজ কেজি স্কুল সংলগ্ন ফিরোজ কবিরের বসতবাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
নিহত সেলিমের পরিবারের অভিযোগ, টানা নির্যাতনের একপর্যায়ে গত ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময় সেলিম মিয়ার মৃত্যু হয়। মৃত্যুর পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সেলিম ‘আত্মহত্যা’ করেছেন মর্মে একটি অঙ্গীকারনামা লিখে তাঁর স্ত্রীর টিপসহি নেওয়া হয়। পরে ওই দিন রাত পৌনে ১২টার দিকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহ নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ রণচণ্ডী সরকার পাড়ায় গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় নিহত সেলিমের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, অভিযোগটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় পাঠানো হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা