
নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে না। এর বদলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হবে।
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
এ সময় তিনি বলেন, দেশে কোনো লকডাউন নেই; সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছে। কোনো অবৈধ সংগঠনের ডাকা কর্মসূচিকে সাধারণ মানুষ গুরুত্ব দেয় না। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, পরাজিত শক্তি এখনো নানাভাবে ও বিভিন্ন দিক থেকে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল ফাটানো হচ্ছে, পেট্রল ঢালা হচ্ছে, বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং নানাভাবে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার এ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও তৎপর হতে হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, দুষ্কৃতকারীরা কীভাবে বিভিন্ন এলাকায় গিয়ে অস্ত্র ব্যবহার করছে, নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং অগ্নিসন্ত্রাসসহ নানা অপরাধ ঘটাচ্ছে—সেটিই বড় প্রশ্ন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সবকিছুই হুমকির মুখে পড়বে।
বিএনপির এই নেতা বলেন, সাধারণ মানুষ পাড়া-মহল্লায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। তবে যারা অবৈধ অস্ত্র নিয়ে মানুষের বসতবাড়ি, দলীয় কার্যালয় কিংবা ব্যাংকে অগ্নিসংযোগ করছে, সেই সশস্ত্র সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাঁরা কেন নিষ্ক্রিয়তা দেখাচ্ছেন, তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন এবং পথে পথে এসব অপতৎপরতা মোকাবিলা ও প্রতিরোধে প্রস্তুত আছেন। তবে যারা অবৈধ অস্ত্র নিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনতে হবে সরকার ও রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোকে।
রিজভী বলেন, এ বিষয়ে সরকারের কাছে অনুরোধ ও আহ্বান জানাচ্ছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন আরও তৎপর ভূমিকা পালন করে। শান্তিকামী মানুষ ও সাধারণ নাগরিক যাতে নিরাপদ বোধ করেন, সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সহায়তা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো সব সময় প্রস্তুত রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে রিজভী বলেন, দেশ স্বাভাবিক গতিতেই চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠন কী বলল, তা নিয়ে প্রশ্ন করাটাই দুঃখজনক। দেশে কোনো লকডাউন নেই; সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডকে তাঁরা কোনো চাপ বলে মনে করেন না।
এআইএল/সকালবেলা