
মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৯ ও ৩০ নভেম্বর ঘোষিত হরতাল কর্মসূচি এবং জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বেতাগী উপজেলা ও পৌর বিএনপি।
আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় বেতাগীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির। এ সময় নির্বাচন কমিটির সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম পান্নাসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ শাহজাহান কবির বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা হরতাল এ দেশের সাধারণ মানুষ মানে না। তাদের জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগের কর্মকাণ্ডকে জনগণ ঘৃণার চোখে দেখে এবং প্রত্যাখ্যান করছে। দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়, কোনো ধরনের নাশকতা বা সহিংসতা চায় না।
তিনি আরও বলেন, হরতালের নামে জনজীবন বিপর্যস্ত করা এবং সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হরতাল ও সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বেতাগীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান।
এআইএল/সকালবেলা