
নিজস্ব প্রতিবেদক: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সরকারকে বিপুল পরিমাণ আর্থিক চাপ সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি জানান, চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ছয় মাসে এ খাতে সরকারকে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
উপদেষ্টা বলেন, কেবল বিদ্যুৎ উৎপাদন বাড়ালেই চলমান জ্বালানি সংকটের স্থায়ী সমাধান হবে না; বরং উৎপাদন, সঞ্চালন ও বিতরণ—জ্বালানি ব্যবস্থার প্রতিটি স্তরে দক্ষতা বৃদ্ধি করতে হবে। এলএনজি আমদানিতে বিশাল অঙ্কের ভর্তুকির ফলে রাষ্ট্রের ওপর তীব্র আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। তাই আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় ও নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
আজ শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে তিন দিনব্যাপী চতুর্থ বাংলাদেশ জ্বালানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই’—এই প্রতিপাদ্যে সম্মেলনটি শুরু হয়েছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশীদারত্ব ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই তহবিলের আওতায় গ্রামীণ জনগোষ্ঠী মাত্র ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ পাবেন। পাশাপাশি সরকারি ও বাণিজ্যিক ভবনের ছাদ থেকে শুরু করে উপযুক্ত কৃষিজমিতেও সৌরবিদ্যুৎ সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে বলে তিনি জানান। নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার মূল ধারায় নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপদেষ্টা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশের প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোটের (বিডব্লিউজিইডি) সদস্যসচিব হাসান মেহেদী বলেন, দেশে নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা রয়েছে, তা বর্তমান নীতিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও অনেক বেশি। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কেবল বড় বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও বিদ্যুৎ উৎপাদনে সম্পৃক্ত করতে হবে। বিকেন্দ্রীভূত ও জনগণের মালিকানাভিত্তিক বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা গেলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এ খাতে নাগরিকদের অংশগ্রহণও বাড়বে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক লবির প্রভাবে জীবাশ্ম জ্বালানি দেশের জ্বালানি খাতে এক ধরনের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক আধিপত্য তৈরি করেছে। এই আধিপত্য ভাঙতে হলে নবায়নযোগ্য জ্বালানিকে নিছক বিকল্প হিসেবে না দেখে জাতীয় জ্বালানি ব্যবস্থার প্রধান অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লইয়ার্স ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (লিড) প্রধান নির্বাহী আবদুল্লাহ আল নোমান, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশের নির্বাহী পরিচালক আবিল বিন আমিন, সেন্টার ফর রিনিউএবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার আহমেদ চৌধুরী, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মীনা, সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ আশানুর রহমান এবং বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। অধিবেশনে সভাপতিত্ব করেন বিডব্লিউজিইডির আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম।
তিন দিনের এই সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাড়ে তিন শতাধিক অংশীজন যোগ দিয়েছেন। নীতিনির্ধারক, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, গবেষক, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও তরুণ প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
সম্মেলনের ১৩টি বিষয়ভিত্তিক অধিবেশনে জ্বালানি নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, এলএনজি ও কয়লাভিত্তিক জ্বালানি সম্প্রসারণের ঝুঁকি, জ্বালানি রূপান্তরে অর্থায়ন, আঞ্চলিক সহযোগিতা, শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের ভূমিকা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রসারে স্থানীয় সরকারের করণীয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জ্বালানি ন্যায়বিচারে গণমাধ্যমের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শ্রমিক, আদিবাসী ও নারীদের অংশগ্রহণ নিয়েও আলোকপাত করা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে প্রথম বাংলাদেশ জ্বালানি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ ও ২০২৫ সালে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সম্মেলন আয়োজিত হয়। বিডব্লিউজিইডির উদ্যোগে দেশের ১৪টি সংগঠনের সহযোগিতায় এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এআইএল/সকালবেলা