
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সংঘাতপূর্ণ একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে একটি বসতবাড়িতে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা বাহিনী। এ ঘটনায় অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। হামলার পর ছয়টি মরদেহের ছবি সামনে এলেও নিহতের সংখ্যা ১৭ বলে দাবি করেছেন ওই ব্যক্তি; এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এই বর্বরোচিত হামলা চালানো হয়। বাস্তুচ্যুত মানুষদের বসবাস থাকা ওই অঞ্চলে হামলার পর রক্তাক্ত ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার ভিডিও ধারণ করেন একজন প্রত্যক্ষদর্শী। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাপ্ত ভিডিও ও ছবিগুলো তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ওই প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, হামলার আগে কাছাকাছি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিলেন তিনি। তবে নিজেদের আবাসিক এলাকায় হামলা চালানো হবে না বলেই ধারণা করেছিলেন। এরপর ঘরের ভেতরে ঢোকার পরপরই বিকট বিস্ফোরণের শব্দ পান এবং বাইরে বেরিয়ে ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেন।
তাঁর ভাষ্যমতে, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন চলছিল যে বাড়িতে, ঠিক সেখানেই বোমাটি আঘাত হানে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে অংশ নেওয়ার চেষ্টা করেন এবং সেখানে ১৭টি মরদেহ ও অসংখ্য আহত মানুষকে পড়ে থাকতে দেখেন।
এদিকে স্থানীয় অন্যান্য বাসিন্দাদের তোলা ছবিতে ছয়টি পৃথক মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। অবশ্য এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে।
উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই তীব্র গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে মিয়ানমার। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্যমতে, এরপর থেকে চলমান সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মোয়ে বাই শহরটি বর্তমানে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলোতে বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্রিয় অবস্থান রয়েছে। ফলে অঞ্চলটি দীর্ঘদিন ধরেই সংঘাতময় হয়ে আছে।
সূত্র: আরব নিউজ
এআইএল/সকালবেলা