
নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার দাবিতে সমবেত আলেম-ওলামা ও তৌহিদি জনতার ওপর হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।
শনিবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আড়াইহাজার উপজেলা আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শারীরিক অসুস্থতার কারণে ধর্মমন্ত্রী সম্মেলনে সশরীরে উপস্থিত হতে পারেননি। তিনি টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া।
বক্তব্য রাখেন আওলাদে রাসূল (সা.) মাওলানা সাইয়েদ আশহাদ রশিদী, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এমপি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা ড. শুয়াইব আহমদ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এতেশামুল হক কাসেমী উজানী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী, মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, মাশায়েখ ও বিপুলসংখ্যক দ্বীনদার মানুষ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, আপনারা জানেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষা এবং তাঁর শানে কটূক্তিকারী ব্লগারদের বিচারের দাবিতে দেশের লাখ লাখ তৌহিদি জনতা হেফাজতে ইসলামের তৎকালীন আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর নেতৃত্বে সমবেত হয়েছিলেন।
তিনি বলেন, সেই রাতের লোমহর্ষক ঘটনার কথাও আপনারা জানেন। রাতের আঁধারে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিরস্ত্র, জিকিররত নবীপ্রেমিক আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। এতে অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত ও নির্যাতনের শিকার হয়েছেন।
শাপলা চত্বরে আসা মানুষের ত্যাগের কথা উল্লেখ করে কায়কোবাদ বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নবীপ্রেমিক মানুষ সেদিন ঢাকায় ছুটে এসেছিলেন। তাঁরা ঢাকার রাজপথ ও অলিগলি কিছুই চিনতেন না; তাঁরা চিনতেন আল্লাহকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হয়েই তাঁরা নিজেদের জান-মাল উৎসর্গ করতে রাজধানীতে এসেছিলেন।
তিনি প্রশ্ন রেখে বলেন, নবীজির মর্যাদা রক্ষার দাবিতে রাজপথে আসা কি তাঁদের অপরাধ ছিল?
ধর্মমন্ত্রী বলেন, আপনারা নবীজির মর্যাদা রক্ষার জন্য জীবন দিয়েছেন, জান-মাল উৎসর্গ করেছেন। আপনাদের সেই ত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাসহ বিভিন্ন হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে কায়কোবাদ বলেন, “আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মর্যাদা রক্ষার জন্য আমি নগণ্য কায়কোবাদ—আমার সাধ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত আছি। নবীজির শান ও মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো আপস হতে পারে না।”
ধর্মমন্ত্রী পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘হে নবী! আমি আপনার মর্যাদা সমুন্নত করেছি।’
তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী আগমন করবেন না। আমরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত।
আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্রতি সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত আমাদের সরকার আলেম-ওলামা ও দ্বীনদার মানুষের প্রতি সম্মানশীল এবং আলেমবান্ধব সরকার। দেশের ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিত্বদের মর্যাদা রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতার প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের ৮২ হাজার মসজিদের প্রায় ২ লাখ ৫০ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
এআইএল/সকালবেলা