
রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৯৫ মেট্রিক টন ধান এবং ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে স্থানীয় খাদ্যগুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনিরসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে ২৯৫ মেট্রিক টন এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ২২০ মেট্রিক টন কেনা হবে। প্রান্তিক কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এআইএল/সকালবেলা