
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সঙ্গে তাঁর চাচাতো ভাই দাউদ মোল্যা ও তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ফরহাদ মোল্যাসহ পাঁচ থেকে ছয়জন শ্রমিক বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান।
এ সময় দাউদ মোল্যা ও তাঁর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলার মুখে অন্য শ্রমিকেরা দৌড়ে পালিয়ে গেলেও পেছনে পড়ে যান ফরহাদ মোল্যা। তখন তাঁকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা