
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। তিনি জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে জমা দেওয়া আবেদনে জানান, গত ১৯ নভেম্বর রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে তোলা হয়। তখন আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আট কার্যদিবসের মধ্যে রিমান্ড শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ২৩ নভেম্বর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিনকে নেওয়া হয়। এর আগে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শারীরিকভাবে সুস্থ বলে জানান। তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বুকে সামান্য ব্যথা অনুভব করেন। এরপর কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাঁকে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।
সিআইডির আবেদনে বলা হয়েছে, ২৬ নভেম্বর রুহুল আমিনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৭ নভেম্বর তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত সাত পৃষ্ঠার চিকিৎসা সনদের অনুলিপিও আদালতে দাখিল করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিলেন এবং তাঁর সামনেই সংশ্লিষ্ট ঘটনা ঘটে। পাশাপাশি মামলাসংক্রান্ত আরও কিছু তথ্য তিনি দিয়েছেন বলে আবেদনে জানান তদন্ত কর্মকর্তা; এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তদন্ত কর্মকর্তা জানান, মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের নাম ও স্থায়ী ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রুহুল আমিনকে কারাগারে রাখা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এআইএল/সকালবেলা