
আন্তর্জাতিক ডেস্ক: জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে তৎপরতা আরও বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংগঠনটির সঙ্গে যুক্ত তহবিল জব্দ করা এবং এর স্থাপনা ও সম্পত্তিতে প্রবেশাধিকার সীমিত করার ক্ষমতা রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে দেওয়া হয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইআরএফের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছিল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক সরকারি আদেশে কেন্দ্রীয় সরকার বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ৪২ নম্বর ধারার আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই এখতিয়ার দিয়েছে।
ওই আদেশে উল্লেখ করা হয়েছে, ইউএপিএর ৭ ও ৮ নম্বর ধারায় কেন্দ্রীয় সরকারের হাতে যেসব ক্ষমতা রয়েছে, সংশ্লিষ্ট নিষিদ্ধ সংগঠনের ক্ষেত্রে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনও একই ক্ষমতা ব্যবহার করতে পারবে।
প্রজ্ঞাপনে ইউএপিএর আওতায় গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১৩ নভেম্বরের এক আদেশের মাধ্যমে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এআইএল/সকালবেলা