
এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে অসহায়, দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ, গৃহমঞ্জুরির সহায়তা এবং ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন সংরক্ষিত নারী আসন-৫-এর (আসন নম্বর-৩০৫) সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ। এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আজম সাবু, সাবেক সদস্যসচিব ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সবুজ, ঢাকাস্থ পেশাজীবী ফোরামের সভাপতি আলমগীর হোসেন ও সহ-সভাপতি আরিফ খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারি তহবিল ও বিভিন্ন কর্মসূচির আওতায় ১৩ জন উপকারভোগীকে মোট ৯০ হাজার টাকা নগদ আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত ৫০ জন উপকারভোগীর মাঝে গৃহমঞ্জুরির সহায়তা এবং বসতঘর নির্মাণ ও সংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং আবাসন সংকট দূর করতে এ ধরনের সরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকৃত দুস্থ মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা উল্লেখ করেন।
এআইএল/সকালবেলা