
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও চোখের লেন্স সংযোজন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
‘মেঠো পথ-গজারিয়া ’৮৯ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং আল-বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের পরিচালনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় চোখের রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, ছানি অপারেশন ও চোখের লেন্স সংযোজন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
কর্মসূচিতে নিজে চিকিৎসা নিতে এসে গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আহসানউল্লাহ এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং অসহায় মানুষের কল্যাণে সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা