
সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশালের মুলাদীতে খোরশেদ হাওলাদার (২৫) নামে এক ক্রোকারিজ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে একটি চিরকুটও জব্দ করা হয়েছে।
নিহত খোরশেদ হাওলাদার ওই গ্রামের মৃত জয়লাল আবেদীন হাওলাদারের ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাটামারা ইউনিয়নের পূর্ব রামচর বাজারে তাঁর ক্রোকারিজের দোকান ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদের স্ত্রী তাসলিমা বেগমের পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য গত ১৫ দিন ধরে সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে খোরশেদ বাড়িতে একাই থাকতেন। তিনি নিয়মিত সকালে বাইরে নাস্তা সেরে দোকানে যেতেন এবং রাতে বাড়ি ফিরতেন।
খোরশেদের বন্ধু ও স্থানীয় গ্রাম পুলিশ বিপ্লব জানান, বুধবার রাত সাড়ে আটটা পর্যন্ত কয়েকজন বন্ধু মিলে তাঁরা একসঙ্গে আড্ডা দেন; পরে রাত পৌনে ১০টার দিকে খোরশেদ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সারাদিন দোকান ও তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে এক বন্ধুকে নিয়ে খোরশেদের বাড়িতে যান বিপ্লব।
সেখানে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তাঁরা। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে খোরশেদের বড় ভাই সাইদুল হাওলাদারকে খবর দেওয়া হয়। পরে তাঁর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খোরশেদের মরদেহ দেখতে পান তাঁরা।
নিহতের বড় ভাই সাইদুল হাওলাদার বলেন, ছোট ভাই স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকতেন। স্ত্রী অসুস্থ হয়ে বাবার বাড়িতে যাওয়ার পর থেকে তিনি একাই ছিলেন। বৃহস্পতিবার সকালে দোকানে চলে গেছেন ভেবে পরিবারের কেউ খোঁজ নেননি; সন্ধ্যায় বন্ধুরা বাড়িতে গিয়ে দরজা ভেঙে মরদেহ দেখতে পান এবং ঘরের ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং উদ্ধার হওয়া চিরকুট যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা