
বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া যাবে না এবং দু-একজন মাদক কারবারির জন্য দলের আদর্শ নস্যাৎ হতে দেওয়া যায় না।
আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্মোহভাবে কাজ করতে হবে; আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মো. আসাদুজ্জামান আরও বলেন, এই দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চললেও দলের কঠিন সময়ে পাশে থাকবে না। তারা আওয়ামী লীগের সঙ্গে এখনো গোপনে আঁতাত করছে ও আশ্রয় দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল এবং এ ধরনের কাউকে বিএনপিতে দরকার নেই।
অনুষ্ঠান শেষে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।