
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: পাকা সড়কের পাশে পল্লী বিদ্যুতের খুঁটিতে বসানো দুটি সিসিটিভি ক্যামেরায় নজরদারি করে নিয়ন্ত্রণ করা হতো মাদক কারবার; ওই ক্যামেরা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধিও পর্যবেক্ষণ করা হতো। দীর্ঘদিন ধরে এভাবেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২) সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিদ্যুতের খুঁটিতে সিসিটিভি লাগিয়ে মাদকের ব্যবসা চালিয়ে আসছেন। এ কারবারের অভিযোগে তিনি বছরে দুই-তিনবার কারাগারে গেলেও জামিন বা মুক্তি পেয়ে আবার একই কাজে জড়িয়ে পড়েন। এতে এলাকায় বিভিন্ন বয়সের মানুষ মাদকে আসক্ত হচ্ছে এবং পারিবারিক অশান্তি বাড়ছে বলে জানান তাঁরা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোহেল রানা কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি দৈনিকের বিশেষ প্রতিনিধি পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা চালাচ্ছেন। তাঁর ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেলে ওই পত্রিকার স্টিকার লাগানো রয়েছে এবং নিজ বাড়িতেই পত্রিকার আঞ্চলিক কার্যালয় খুলেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সোহেল রানার বাড়িতে অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল। তবে সিসিটিভির মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান সোহেল রানা। এ সময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁর স্ত্রী স্মৃতি খাতুনকে (৩০) গ্রেপ্তার করা হয় এবং মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। পরে সোহেল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন।
অনুসন্ধানে জানা গেছে, সোহেল রানা একসময় করাতকলে শ্রমিক হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে আদালত তাঁকে কারাদণ্ড দেন। ২০১৯ সালে শর্ত সাপেক্ষে সোহেলসহ কুষ্টিয়ার ২২২ জন মাদক কারবারিকে সাধারণ ক্ষমা করা হয়েছিল। অভিযোগ রয়েছে, সেই সুযোগের অপব্যবহার করে তিনি সাংবাদিকতার পরিচয়ে যুক্ত হন এবং মাদকের বড় নেটওয়ার্ক গড়ে তোলেন। কুমারখালী থানা পুলিশ জানিয়েছে, সোহেলের বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুমারখালী-পান্টি সড়কের যদুবয়রা জয়বাংলা বাজার এলাকায় সোহেলের বাড়ি। বাড়ির সামনের বিদ্যুতের খুঁটিতে দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে এবং আধাপাকা বাড়ির ফটক ভেতর থেকে বন্ধ; ডাকাডাকি করেও তাঁকে পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে সোহেলের প্রতিবেশীরা জানান, আগে তিনি সাধারণ শ্রমিক ছিলেন, কিন্তু মাদকের কারবারে জড়িয়ে অর্থবিত্তের মালিক হয়েছেন। সাংবাদিক পরিচয়ের কারণে ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পান না।
একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মানুষ সোহেলের বাড়িতে যাতায়াত করে এবং মাদক কেনাবেচা চলে। এতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সাধারণ ক্ষমার সুযোগের অপব্যবহার ও সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সোহেল কৌশলে মাদক ব্যবসা চালাচ্ছেন এবং সিসিটিভির মাধ্যমে অভিযান টের পেয়ে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে অন্তত আটটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা পেলে সিসিটিভি অপসারণসহ মাদক কারবার নির্মূল করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন; খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা