
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) ও নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে (শায়খে চরমোনাই) নিয়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দলটির সহকারী মহাসচিব ও মিডিয়া সেলের প্রধান শেখ ফজলুল করীম মারুফ বাদী হয়ে এ মানহানির মামলাটি করেন।
মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।
শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি মুহা. মশিউর রহমান ও সরদার মুহা. মানিক মিয়া, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুহা. হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন এবং ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি এম নজরুল ইসলাম।
এ ছাড়া ইসলামী আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট নিয়ামুল নাসির তালুকদার, অ্যাডভোকেট ওসমান গণি, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম ও অ্যাডভোকেট মনির হোসাইনসহ দলীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা