
হেলাল মুন্সী, বিশেষ প্রতিনিধি: গোপালগঞ্জে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বিকাশ ও নগদের লেনদেন কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টারসহ বেশির ভাগ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিসে তালা ঝুলতে দেখা গেছে। ফলে জরুরি প্রয়োজনে অর্থ উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। যে কয়েকটি দোকান খোলা আছে, সেখানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও; সকাল থেকেই সেবা নিতে আসা গ্রাহকেরা কার্যালয় বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।
কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ ভুক্তভোগী গ্রাহক জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছেন তিনি। দোকানে গেলে জানানো হচ্ছে সার্ভার বন্ধ অথবা টাকা নেই, আর কাস্টমার কেয়ারে এসে দেখেন তালা ঝুলছে। জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠানোর প্রয়োজন হলেও কোনো উপায় পাচ্ছেন না বলে জানান তিনি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলাম জানান, বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো সুস্পষ্ট কারণ জানা যায়নি। বরং বৃহস্পতিবার দুপুরে তাঁর মুঠোফোনে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখার বার্তা আসে। সব টাকা বিকাশে থাকায় তিনি চরম বিপাকে পড়েছেন বলে জানান।
ক্ষুদ্র ব্যবসায়ী হাবিব বলেন, তাঁদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট কার্যালয় ও দোকান বন্ধ থাকায় তাঁরা টাকা উত্তোলন করতে পারছেন না। অবশ্য কিছু নম্বর এখনো সচল থাকায় তা দিয়ে আপাতত কাজ চালানো হচ্ছে।
আরেক গ্রাহক কিশোর বালা ধারণা করছেন, নিরাপত্তাজনিত শঙ্কা অথবা কারিগরি ও প্রশাসনিক জটিলতার কারণে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন হাউসগুলো সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রেখেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউন পরিস্থিতিকে কেন্দ্র করে সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে কার্যক্রম পুনরায় স্বাভাবিক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এআইএল/সকালবেলা