
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয় এবং পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা। তদন্ত শেষে গত ২২ নভেম্বর আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি মিলেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে সংগতিপূর্ণ বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর স্বর্ণালংকার পরার বিষয়টিও দুই আসামির নজরে আসে। এসব তথ্য থেকেই তাঁরা বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
তিনি জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর আগেও সিদ্ধার্থ ও মুগ্ধ পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অপেক্ষা করছিলেন এবং সে সময় ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ পেয়ে গণপতি চক্রবর্তী সেখানে গেলে আসামিদের দেখে ফেলেন। তখন তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়।
পরে শব্দ শুনে ছাদে যান গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, তাঁদেরও হত্যা করেন দুই আসামি। এরপর ঘরের ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়। পুলিশের ভাষ্য, আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয় এবং পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে আসামিদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫টি নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল বলে জানান উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তাঁর দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের সদস্য ও দুই আসামি ছাড়া অন্য কারও ডিএনএ মেলেনি।
পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা থাকলেও তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে, যা বর্তমানে জব্দ অবস্থায় আছে।
মামলার অভিযোগপত্রে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে এবং এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের এই বক্তব্য মানতে নারাজ নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ রয়েছে। শুরু থেকেই তাঁরা বলে আসছেন, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। তাঁরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাঁদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।
এর আগে গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৩ আগস্ট সংবাদ সম্মেলনে তৎকালীন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছিলেন, পাশের ভবন দিয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ পেয়ে গণপতি ছাদে গেলে তাঁকে হত্যা করা হয় এবং পরে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা করেন তাঁরা।
তৎকালীন পুলিশ কমিশনার আরও জানিয়েছিলেন, হত্যাকাণ্ডের পর আসামিরা বাড়ির বিভিন্ন আসবাবপত্র এলোমেলো করে ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখানোর চেষ্টা করেন। আলমারির ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার নিয়ে যান এবং বাড়ির দুটি ফোন ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে রাখেন।
এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর দুই আসামির ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাঁদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। তবে এর আগে হত্যাকাণ্ডের নয় দিন পর তাঁদের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মেলেনি।
এদিকে দুই আসামির পক্ষে একই পরিবারের চারজনকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলে আসছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তাঁরা।
এআইএল/সকালবেলা