
নিজস্ব প্রতিবেদক: মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদযাপন কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সমাবেশের মধ্য দিয়ে দলটির বিজয়ের মাসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে কোনো মন্ত্রী পর্যায়ের লোক হুমকি দেয় আর ঢাকা দখল করার কথা বলে। ১৬ ডিসেম্বর তারা বাংলাদেশ দখল করবে, আমাদের দেশের জনগণ কি তখন আমলকী চুষতে থাকবে?’ তিনি আরও বলেন, লাখো প্রাণের আত্মদান ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে পুনরায় নাশকতা ও রক্তাক্ত পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী দাবি করেন, বিদেশে বসেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসতে পারেননি এবং তাঁর নির্দেশেই দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি ইতোমধ্যে বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন, যাঁদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।
বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দীর্ঘদিনের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। নানা সহিংসতা ও উসকানির মুখেও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে, যা দেশে ও বিদেশে প্রশংসিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা উল্লেখ করেছেন। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা