
নিজস্ব প্রতিবেদক: কথিত ‘বন্দুকযুদ্ধের’ আড়ালে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী গাজীপুর থেকে আবুল কালাম আজাদকে আইনের আওতায় আনা হয়েছে এবং আজই তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা এবং তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত অবস্থায় ছিলেন এবং সেখান থেকেই ডিবি পুলিশ তাঁকে আটক করে।
উল্লেখ্য, নিহত নুরুজ্জামান জনি রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে ছাত্রদল নেতা মহিউদ্দিনসহ তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। অভিযোগ রয়েছে, সেদিন গভীর রাতে খিলগাঁও খেলার মাঠে কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে নিহত জনির বাবা মো. ইয়াকুব আলী বাদী হয়ে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা দায়ের করেন। মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৯ নেতাকর্মী—মোট ৬২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামির তালিকায় রাখা হয়েছে।
এআইএল/সকালবেলা