
নড়াইল প্রতিনিধি: নড়াইলে ট্রাকচাপায় তপন রায় (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তপন রায় বাঘারপাড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের উদ্দেশে রওনা হন। নড়াইল-যশোর মহাসড়কের চাঁচড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক (যশোর-ট-১১৫৬০১) তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা