
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড। এর একদিন পর এক মাসের অসন্তোষ পেরিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে এখনো বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে।
আজ সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি বলেন, আন্দোলনের নামে যেন রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে জন্যই বাহিনীগুলো কাজ করছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন এবং অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত আছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ প্লাটুন সদস্য।
উল্লেখ্য, বেতন বাড়ানোর দাবিতে গত এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছিলেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন; এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রীপুর শিল্পাঞ্চলের ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানা বন্ধ রয়েছে। জেলার আরও কিছু কারখানাও বন্ধ আছে।
এদিকে মজুরি বোর্ড আজ বৃহস্পতিবার তাদের পঞ্চম সভা করার ঘোষণা দিয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।