
নিজস্ব প্রতিবেদক: দেশে আত্মগোপনে থাকা নিজ দলের নেতাকর্মীদেরই বিপদের মুখে ঠেলে দিচ্ছে পলাতক আওয়ামী লীগ—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক দলটির প্রতারণা ও পাতা ফাঁদে জেনে কিংবা না জেনেই পা দিচ্ছেন মাঠপর্যায়ের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাকে সরকার কীভাবে মোকাবিলা করছে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ায় সামাল দেওয়া হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি প্রতিবন্ধকতা রয়েছে কি না, জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি ওইভাবে আইনি বাধার নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির (এক্সট্রাডিশন ট্রিটি) বিধান অনুযায়ী সরকার পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত চেয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দণ্ডপ্রাপ্ত হোন বা না হোন, পলাতক অন্য আসামিদের ক্ষেত্রেও এই প্রত্যর্পণ চুক্তি সমানভাবে প্রযোজ্য। কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হলে সংশ্লিষ্ট দেশ আসামিদের হস্তান্তর করে থাকে। এটি একটি স্বাভাবিক ও প্রচলিত আন্তর্জাতিক প্রক্রিয়া; বাংলাদেশও যেমন অন্য দেশ থেকে আসামি ফেরত আনে, তেমনি প্রয়োজনে অন্য দেশকেও আসামি ফেরত দেয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত আওয়ামী শক্তি বা পলাতক নেতৃত্ব দেশে লুকিয়ে থাকা তাদের নেতাকর্মীদের নতুন করে সংকটে ফেলছে। তারা যখন স্থানীয়ভাবে অঘোষিত এক ধরনের সামাজিক পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) পরিবেশে ফিরছিলেন, ঠিক তখনই দলটি তাদের পুনরায় বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা বুঝে বা না বুঝে সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের সাধারণ মানুষ বিষয়টি উপলব্ধি করবেন এবং পলাতক নেতৃত্বও আত্মগোপনে থাকা কর্মীদের উসকানি দেওয়া থেকে বিরত থাকবে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সর্বসম্মত কোনো বৈঠকের পরিকল্পনা রয়েছে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেগুলো পরবর্তী সময়ের আলোচনার বিষয় এবং এ নিয়ে তাঁর সঙ্গে এখনো কোনো বৈঠক হয়নি। তবে প্রধানমন্ত্রী সম্প্রতি এনসিপির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন, কারণ তাঁরা সাক্ষাতের সময় চেয়েছিলেন। এ ছাড়া জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সরকারের মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে, যা সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।
এআইএল/সকালবেলা