
ড. মো. আনোয়ার হোসেন: কৃষির যান্ত্রিকীকরণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জমি চাষ, ধান কাটা, মাড়াই ও রোপণ—কৃষিকাজের বিভিন্ন পর্যায়ে যন্ত্রের ব্যবহার বাড়ছে। কিন্তু যান্ত্রিকীকরণের এই অগ্রযাত্রায় একটি মৌলিক প্রশ্ন এখনো যথেষ্ট গুরুত্ব পায়নি: ব্যবহৃত যন্ত্রগুলোর প্রয়োজনীয় যন্ত্রাংশ কতটা সহজে, সাশ্রয়ী মূল্যে এবং নির্ভরযোগ্য মানে দেশে উৎপাদন ও সরবরাহ করা যাচ্ছে? কৃষিযন্ত্র কেনা বা আমদানিই যান্ত্রিকীকরণের শেষ কথা নয়; যন্ত্র সচল রাখা, সময়মতো মেরামত এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তাই টেকসই কৃষি যান্ত্রিকীকরণের স্বার্থে কৃষিযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশকে ঘিরে বিশেষায়িত দেশীয় শিল্প গড়ে তোলার সময় এসেছে।
একটি কৃষিযন্ত্রের উৎপাদন কেবল যন্ত্রের কাঠামো তৈরি বা বিভিন্ন অংশ সংযোজনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে ধাতব ঢালাই, গিয়ার ও শক্তি সঞ্চালনব্যবস্থা, নির্ভুল মেশিনিং, শ্যাফট, বুশ, ব্লেড, হিট ট্রিটমেন্ট এবং মান পরীক্ষার মতো বিশেষায়িত প্রক্রিয়া। প্রতিটি কাজের জন্য প্রয়োজন আলাদা প্রযুক্তি, দক্ষতা ও অভিজ্ঞতা। একজন উদ্যোক্তার পক্ষে সব ধরনের যন্ত্রাংশ নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন করা ব্যয়বহুল ও জটিল। অথচ এসব কাজকে পৃথক বিশেষায়িত শিল্পে বিকশিত করা গেলে চূড়ান্ত যন্ত্র প্রস্তুতকারকেরা নির্ভরযোগ্য দেশীয় সরবরাহকারীর কাছ থেকে প্রয়োজনীয় অংশ সংগ্রহ করে নকশা, সংযোজন, পরীক্ষা ও উদ্ভাবনে অধিক মনোযোগ দিতে পারবেন।
এখানেই কৃষিযন্ত্রের শিল্পভিত্তিক সাব-সেক্টরের গুরুত্ব। কোনো প্রতিষ্ঠান গিয়ার ও ট্রান্সমিশন অংশ তৈরি করবে, কোনোটি ব্লেড ও মাড়াইয়ের দাঁত, অন্যটি শ্যাফট ও বুশের মতো নির্ভুল যন্ত্রাংশ উৎপাদন করবে। পাশাপাশি ধাতব ঢালাই, কাঠামো নির্মাণ, তাপ-প্রক্রিয়াকরণ এবং মান পরীক্ষার জন্য গড়ে উঠবে বিশেষায়িত প্রতিষ্ঠান। এভাবে কৃষিযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ অংশকে কেন্দ্র করে নতুন উদ্যোক্তা, দক্ষ কর্মসংস্থান ও প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প হতে পারে অন্যতম প্রধান ভিত্তি।
বাংলাদেশে এই শিল্পের প্রাথমিক সক্ষমতা ইতোমধ্যে তৈরি হয়েছে। বগুড়া, যশোর, কুষ্টিয়া, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারা থ্রেসার, সেচপাম্প, পুলি, ঢালাই অংশ এবং কৃষিযন্ত্রের বিভিন্ন প্রতিস্থাপনযোগ্য যন্ত্রাংশ তৈরি করছেন। বিটাকের বগুড়া কেন্দ্রেও গিয়ার হবিংসহ গিয়ার, পিনিয়ন ও স্প্রকেট উৎপাদনের কারিগরি সুবিধার উল্লেখ রয়েছে। অর্থাৎ দেশীয় উৎপাদনের ভিত্তি একেবারে অনুপস্থিত নয়; বরং বিদ্যমান সক্ষমতাকে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, মান নিয়ন্ত্রণ ও বাজারসংযোগের মাধ্যমে সম্প্রসারণ করা প্রয়োজন।
কৃষিযন্ত্রের যন্ত্রাংশের অপ্রাপ্যতা যে যান্ত্রিকীকরণের সুফলকে বাধাগ্রস্ত করতে পারে, তার প্রমাণও রয়েছে। আইএফপিআরআইয়ের ২০২৫ সালের এক মূল্যায়নে কম্বাইন হারভেস্টার সেবাদাতাদের বছরে গড়ে ১২ দিন যন্ত্র চালাতে না পারার তথ্য উঠে এসেছে। প্রায় ৪০ শতাংশ ক্ষেত্রে যন্ত্রাংশের অপ্রাপ্যতাকে যন্ত্র অচল থাকার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই চিত্র স্পষ্ট করে যে, কৃষিযন্ত্রে বিনিয়োগের পাশাপাশি যন্ত্রাংশ উৎপাদন, মজুত ও সরবরাহব্যবস্থায় বিনিয়োগ না বাড়ালে যান্ত্রিকীকরণের প্রত্যাশিত সুফল নিশ্চিত করা কঠিন।
এ সমস্যা সমাধানে শুধু দেশীয় উৎপাদন বাড়ালেই হবে না; উৎপাদিত যন্ত্রাংশের মান ও পারস্পরিক সামঞ্জস্যও নিশ্চিত করতে হবে। ২০২৫ সালে প্রকাশিত ৩০টি কৃষিযন্ত্রের যন্ত্রাংশ প্রস্তুতকারী ওয়ার্কশপের একটি গবেষণায় মাত্র দুটি প্রতিষ্ঠানে সিএনসি মেশিন এবং কোনো প্রতিষ্ঠানেই নিজস্ব উপকরণ পরীক্ষাগার পাওয়া যায়নি। এটি সীমিত নমুনার গবেষণা হলেও প্রযুক্তি ও মান পরীক্ষার সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নির্দেশ করে। নির্ভুল মেশিনিং, মাপ যাচাই, উপযুক্ত কাঁচামাল নির্বাচন এবং প্রয়োজনীয় তাপ-প্রক্রিয়াকরণের সুবিধা সহজলভ্য করতে হবে। আইএসও ২৮৬-১-এর মতো প্রাসঙ্গিক মান অনুসারে যন্ত্রাংশের সহনসীমা ও ফিট নির্ধারণ এবং অনুমোদিত নকশা অনুসরণ করা গেলে ভিন্ন প্রতিষ্ঠানে তৈরি অংশের সংযোজন ও প্রতিস্থাপন সহজ হবে।
একইভাবে যন্ত্রাংশের স্থায়িত্ব নিশ্চিত করতে কাঁচামালের গুণগত মান যাচাই অপরিহার্য। গিয়ার, ব্লেড, শ্যাফট কিংবা যন্ত্রের কাঠামোর জন্য ব্যবহৃত ধাতুর বৈশিষ্ট্য ও শক্তির চাহিদা এক নয়। তাই গ্রেডভিত্তিক নির্ভরযোগ্য কাঁচামাল সরবরাহ, পরীক্ষার সনদ এবং উৎপাদিত অংশের মান যাচাইয়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছোট উদ্যোক্তাদের জন্য যৌথ কাঁচামাল সংগ্রহ, উপকরণ পরীক্ষা ও হিট ট্রিটমেন্টের সেবা চালু করা যেতে পারে। এতে প্রত্যেক প্রতিষ্ঠানকে ব্যয়বহুল পরীক্ষাগার স্থাপন করতে হবে না, অথচ মানসম্মত উৎপাদনের সুযোগ বাড়বে।
এ ক্ষেত্রে বিশেষায়িত সেবাকেন্দ্রের কার্যকর ব্যবহার গুরুত্বপূর্ণ। বিটাকের মতো প্রতিষ্ঠানে গিয়ার তৈরি, হার্ডেনিং, কার্বুরাইজিং, টেম্পারিং ও কঠোরতা পরীক্ষার বিদ্যমান সুবিধাকে উদ্যোক্তাদের উৎপাদনপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক যৌথ প্রযুক্তিসেবা কেন্দ্র গড়ে তোলা যেতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতাও দেখায়, পৃথক প্রতিষ্ঠানের বিশেষায়িত সক্ষমতা একত্র করে উৎপাদনব্যবস্থা শক্তিশালী করা সম্ভব। সিআইএসএ-এমইএ-এর ২০২৩-২৪ সালের বার্ষিক প্রতিবেদনে একাধিক প্রতিষ্ঠানের যন্ত্রাংশ একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে হিট ট্রিটমেন্ট করার উদাহরণ রয়েছে।
দেশীয় যন্ত্রাংশশিল্পের বিকাশের আরেকটি বড় সুবিধা হলো স্থানীয় কৃষি ও পরিবেশের উপযোগী যন্ত্র উদ্ভাবনের সুযোগ। বাংলাদেশের হাওরাঞ্চলের নরম মাটি, ছোট ও খণ্ডিত জমি কিংবা বিভিন্ন ফসলের ধরন বিবেচনায় কৃষিযন্ত্রের নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে স্থানীয় উৎপাদন সক্ষমতা কাজে লাগানো যেতে পারে। একইভাবে ওপেন ড্রাম ও ক্লোজড ড্রাম থ্রেসার, রিপার-বাইন্ডার, বীজ বপনযন্ত্র ও ভুট্টা মাড়াইযন্ত্রের উন্নয়নেও বিশেষায়িত যন্ত্রাংশ প্রস্তুতকারীরা ভূমিকা রাখতে পারেন। এতে আমদানিনির্ভর যন্ত্রের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের বাস্তব চাহিদাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবনের পথ প্রসারিত হবে।
তবে সব ধরনের যন্ত্রাংশ একসঙ্গে দেশে উৎপাদনের লক্ষ্য নেওয়া বাস্তবসম্মত হবে না। বরং বাজারের চাহিদা, উৎপাদন সক্ষমতা, মান এবং দীর্ঘমেয়াদি ব্যবহারব্যয় বিবেচনায় ধাপে ধাপে স্থানীয় উৎপাদন সম্প্রসারণ করতে হবে। বেশি ব্যবহৃত, সহজে উৎপাদনযোগ্য এবং আমদানির বিকল্প হিসেবে প্রতিযোগিতামূলকভাবে তৈরি করা সম্ভব—এমন যন্ত্রাংশকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। অন্যদিকে জটিল ইঞ্জিন, বিশেষায়িত হাইড্রলিক ব্যবস্থা ও ইলেকট্রনিক উপাদানের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমদানি, যৌথ বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর অব্যাহত রাখা যেতে পারে। লক্ষ্য হওয়া উচিত অন্ধ আমদানি-প্রতিস্থাপন নয়; বরং মানসম্মত ও অর্থনৈতিকভাবে টেকসই দেশীয় উৎপাদন সক্ষমতা গড়ে তোলা।
এ উদ্যোগ বাস্তবায়নে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। কৃষি খাতের প্রতিষ্ঠানগুলো মাঠপর্যায়ের যন্ত্রের চাহিদা, ঘন ঘন নষ্ট হওয়া যন্ত্রাংশ এবং কৃষকের প্রয়োজনীয় পরিবর্তন সম্পর্কে তথ্য সরবরাহ করবে। শিল্প খাতের প্রতিষ্ঠানগুলো সেই চাহিদা অনুযায়ী প্রযুক্তি, উৎপাদন অবকাঠামো, অর্থায়ন ও মানোন্নয়নে সহায়তা দেবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানগুলোর গবেষণাকে দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত করতে হবে। গবেষণায় উদ্ভাবিত যন্ত্রের নকশা, যন্ত্রাংশের বিবরণ ও মাঠপরীক্ষার ফল উৎপাদনকারীদের কাছে পৌঁছানোর পাশাপাশি উদ্যোক্তাদের অভিজ্ঞতাও গবেষণায় অন্তর্ভুক্ত করা জরুরি।
অর্থায়ন ও দক্ষ জনবল উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিতে হবে। আধুনিক মেশিন স্থাপন, মান পরীক্ষার সুবিধা, কাঁচামাল সংগ্রহ এবং মৌসুমের আগে প্রয়োজনীয় যন্ত্রাংশ মজুতের জন্য উদ্যোক্তাদের উপযোগী ঋণ ও বিনিয়োগ সহায়তা প্রয়োজন। কারিগরি শিক্ষায় গিয়ার তৈরি, নির্ভুল মেশিনিং, ওয়েল্ডিং, ধাতুবিদ্যা ও হিট ট্রিটমেন্টের ব্যবহারিক প্রশিক্ষণ বাড়াতে হবে। একই সঙ্গে বড় কৃষিযন্ত্র প্রস্তুতকারক ও ক্ষুদ্র যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তি গড়ে তোলা গেলে বাজারের নিশ্চয়তা তৈরি হবে এবং নতুন বিনিয়োগে উদ্যোক্তাদের আগ্রহ বাড়বে।
উৎপাদনের পাশাপাশি আঞ্চলিক যন্ত্রাংশের মজুত ও মেরামতসেবা গড়ে তোলাও জরুরি। বিশেষত হাওরাঞ্চলে আকস্মিক পাহাড়ি ঢলের আগে দ্রুত ফসল সংগ্রহের প্রয়োজন বিবেচনায় মৌসুম শুরুর আগেই প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রশিক্ষিত মেকানিক ও দ্রুত মেরামতসেবা নিশ্চিত করতে হবে। কারণ দেশে যন্ত্রাংশ উৎপাদিত হলেও কৃষক যদি প্রয়োজনের সময়ে তা না পান, তাহলে স্থানীয় শিল্পের সুফল মাঠপর্যায়ে পৌঁছাবে না। যন্ত্রাংশের স্থায়িত্ব, মেরামতের সময় এবং কৃষকের মোট সেবাব্যয়কে এ ব্যবস্থার সাফল্য মূল্যায়নের সূচক হিসেবে বিবেচনা করা উচিত।
জাতীয় কৃষি যান্ত্রিকীকরণ নীতি ২০২০ এবং হালকা প্রকৌশল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২২—উভয় ক্ষেত্রেই এ খাতের বিকাশের নীতিগত ভিত্তি রয়েছে। এখন প্রয়োজন নীতির ঘোষণাকে বাস্তব উৎপাদন সক্ষমতায় রূপ দেওয়া। কৃষিযন্ত্র ও যন্ত্রাংশ প্রস্তুতকারকদের জন্য বিশেষায়িত উৎপাদন অঞ্চল, যৌথ প্রযুক্তিসেবা কেন্দ্র, মান পরীক্ষার অবকাঠামো, সহজ অর্থায়ন এবং গবেষণা-শিল্প সংযোগকে সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় আনতে হবে।
কৃষির যান্ত্রিকীকরণকে দীর্ঘস্থায়ী ও কার্যকর করতে হলে শুধু যন্ত্রের সংখ্যা বাড়ালেই চলবে না; যন্ত্রের পেছনে থাকা শিল্পভিত্তিক সক্ষমতাকেও শক্তিশালী করতে হবে। কৃষিযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশকে পৃথক শিল্পের সম্ভাবনা হিসেবে বিবেচনা করলে দেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতা, কর্মসংস্থান ও স্থানীয় মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে যন্ত্রাংশের সরবরাহঝুঁকি কমবে, মেরামত সহজ হবে এবং কৃষকের কাছে প্রয়োজনের সময়ে সচল যন্ত্র পৌঁছানো সম্ভব হবে। টেকসই কৃষি যান্ত্রিকীকরণের পরবর্তী ধাপে তাই মূল অগ্রাধিকার হওয়া উচিত—কৃষিযন্ত্রের প্রতিটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের জন্য মানসম্মত, প্রতিযোগিতামূলক ও সমন্বিত দেশীয় উৎপাদনব্যবস্থা গড়ে তোলা।
লেখক: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক, এলএসটিডি প্রকল্প, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
এআইএল/সকালবেলা