
নিজস্ব প্রতিবেদক: শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করার দিন ধার্য রয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল থেকে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং প্রসিকিউশনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
আদালত ও প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে করা এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল চলতি বছরের ৮ ফেব্রুয়ারি। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। পরবর্তীতে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন শেষ হয় এবং গতকাল ২২ নভেম্বর আসামিপক্ষ একজন সাফাই সাক্ষী হাজির করেন। এর মধ্য দিয়েই আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের এই মামলার একমাত্র আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং কারাগার থেকেই তিনি ভার্চ্যুয়ালি মামলার বিচারকাজে অংশ নিচ্ছেন।