
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তি পালিয়ে যান।
রোববার (২২ নভেম্বর) ভোররাত পৌনে তিনটার দিকে উপজেলার সীমান্তবর্তী তারাকুচা এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের তারাকুচা বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, অভিযানের সময় উত্তর তারাকুচা গ্রামের আনোয়ার হোসেন (৪৩) ও আরমান সাইফুল (৪০) পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা