
নিজস্ব প্রতিবেদক: বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। তাঁদের ঢাকায় স্বাগত জানাতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই উচ্চপর্যায়ের সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এই দুই অংশীদার দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর চলতি বছরের জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি ওই সফর করেন।
এ ছাড়া চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।
আগামী ডিসেম্বরে তাঁদের সম্ভাব্য সফরের মধ্য দিয়ে বাংলাদেশ, মালয়েশিয়া ও মালদ্বীপের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এআইএল/সকালবেলা