
অনক আলী হোসেন শাহিদী: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। প্রকল্পের আওতায় বিভিন্ন ব্যাসের কিউসেক পাম্পের ভূগর্ভস্থ সেচনালা (বারিড পাইপ) নির্মাণে নিম্নমানের ইউপিভিসি পাইপ ব্যবহারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রকল্পের ৪৫৫ সেট পাইপ স্থাপন ও সরবরাহের কার্যক্রম ঘিরে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিম্নমানের পাইপে ছিদ্র সৃষ্টি হওয়ায় সেচের পানি অপচয় হচ্ছে, অথচ কৃষকের জমিতে প্রয়োজনীয় পানি পৌঁছাচ্ছে না। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিপুল পরিমাণ কৃষিজমিতে সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রকল্পের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় ৭২ হাজার ৬৮১ হেক্টর এবং কক্সবাজার জেলায় ৯৩৫ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। কিন্তু নিম্নমানের পাইপ ব্যবহারের কারণে প্রকল্পের অন্তত ৫০ শতাংশ সেচ এলাকায় পানি সরবরাহ ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, ভূগর্ভস্থ সেচনালায় ব্যবহৃত ইউপিভিসি পাইপে অসংখ্য ছিদ্র তৈরি হওয়ায় পানি বিভিন্ন স্থানে বেরিয়ে যাচ্ছে। ফলে একদিকে কৃষক তাঁর ফসলের জমিতে পর্যাপ্ত পানি পাচ্ছেন না, অন্যদিকে বিপুল পরিমাণ সেচের পানি অপচয় হচ্ছে। এতে কৃষকের আর্থিক ক্ষতি, ফসল উৎপাদনে অনিশ্চয়তা এবং প্রকল্পের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
এই প্রতিবেদক কক্সবাজার জেলার রামু উপজেলার ৩ নম্বর কচ্ছপিয়া ইউনিয়নে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেখানে ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়িত ১টি বিদ্যুৎচালিত এলএলপি সেচ প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মাণের দোছড়ি দক্ষিণ কুল সেচ প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহারের অভিযোগের বাস্তব চিত্র পাওয়া যায়।
প্রকল্পটির ব্যবস্থাপক সাজেদুল করিম জানান, সেচ প্রকল্পে ইউপিভিসি পাইপ স্থাপনের মাত্র এক মাসের মধ্যেই প্রতিটি পাইপে অসংখ্য ছিদ্র দেখা দেয়। এসব ছিদ্র দিয়ে পানি বেরিয়ে যাওয়ায় প্রকল্পের আওতাভুক্ত অন্তত ৫০ একর ফসলি জমিতে সেচের পানি সরবরাহ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘পাইপ স্থাপনের এক মাসের মধ্যেই অসংখ্য ছিদ্র দেখা দেয়। এসব ছিদ্র দিয়ে পানি বেরিয়ে যাওয়ায় আমরা অন্তত ৫০ একর জমিতে সেচের পানি দিতে পারিনি। এ কারণে চাষিরা আমাদের কাছে বারবার অভিযোগ করেছেন।’
একই প্রকল্প এলাকার দোছড়ি উত্তর কুল সেচ প্রকল্পেও প্রায় একই পরিস্থিতি দেখা গেছে। ওই প্রকল্পের ব্যবস্থাপক নুরুল আজিম জানান, তাঁর প্রকল্পের আওতায় প্রায় ৮০ থেকে ৯০ একর জমি রয়েছে। কিন্তু ভূগর্ভস্থ ইউপিভিসি পাইপ স্থাপনের পর পানি সরবরাহ শুরু হলে পাইপের বিভিন্ন ছিদ্র দিয়ে প্রচুর পানি বেরিয়ে যেতে থাকে। ফলে নির্ধারিত জমিতে পর্যাপ্ত পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, ‘চাষিদের সেচ সমস্যার সমাধান করতে না পারায় তাঁদের নানা ধরনের চাপ ও হুমকির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকিল এন্টারপ্রাইজের মালিককে জানিয়েছি। কিন্তু ঠিকাদার কোনো কার্যকর পদক্ষেপ নেননি।’
নুরুল আজিম আরও অভিযোগ করেন, সাবেক প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম কখনো তাঁদের প্রকল্প এলাকা পরিদর্শনে আসেননি। তিনি বলেন, ‘প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম কোনো দিন আমার প্রকল্পে আসেননি। মূলত আমি তাঁকে ব্যক্তিগতভাবে চিনিও না।’
এ দুটি প্রকল্পের অভিজ্ঞতা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র দাবি করেছে। নিম্নমানের ইউপিভিসি পাইপ ব্যবহারের কারণে প্রকল্পের অন্তত ৫০ শতাংশ সেচ প্রকল্পে একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিম্নমানের পাইপ সরবরাহের কারণ অনুসন্ধান করতে গিয়ে এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কার্যাদেশ পাওয়ার বিষয়টি সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এ ধরনের সেচ প্রকল্পে পাইপ সরবরাহের পর্যাপ্ত অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দরপত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠানটিকে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম কার্যাদেশ দেওয়া হয়।
সাবেক প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলামের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি অলিখিত অংশীদারত্ব রয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে ওই প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে একাধিক কার্যাদেশ দেওয়া হয়। তিন অর্থবছরে প্রতিষ্ঠানটি মোট প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকার ইউপিভিসি পাইপ সরবরাহের কার্যাদেশ পেয়েছে।
কার্যাদেশের বিবরণ হলো: ২০২৩-২৪ অর্থবছর: আটটি দরপত্রের মাধ্যমে ৫ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার ৬৯৮ টাকার কার্যাদেশ। ২০২৪-২৫ অর্থবছর: তিনটি দরপত্রের মাধ্যমে ৬ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৯৫৭ টাকার কার্যাদেশ। ২০২৫-২৬ অর্থবছর: একটি দরপত্রের মাধ্যমে প্রায় ৪৮ লাখ টাকার কার্যাদেশ।
সব মিলিয়ে প্রতিষ্ঠানটির কার্যাদেশের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ কোটি ৫৯ লাখ টাকা, যা প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।
এদিকে এসব দরপত্রের অধিকাংশে দেশের শীর্ষস্থানীয় ইউপিভিসি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধি দাবি করেছেন, নিজেদের ব্র্যান্ড ও সুনাম রক্ষায় তাঁরা নিম্নমানের পণ্য উৎপাদন ও সরবরাহ করেন না। তাঁদের বক্তব্য, মান বজায় রাখার কারণে তাঁরা কার্যাদেশ পাননি।
এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেসব পাইপ স্থাপনের কয়েক মাসের মধ্যেই ছিদ্র হয়ে সেচব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে, সেই সরবরাহকারী প্রতিষ্ঠানকে পরপর তিন অর্থবছরে এত বিপুল অঙ্কের কার্যাদেশ দেওয়া হলো কীভাবে?
উল্লেখ্য, বিএডিসির ইউপিভিসি পাইপ ক্রয়ের ক্ষেত্রে পাইপের স্থায়িত্ব ও গুণগত মানের নিশ্চয়তা হিসেবে অন্তত ১০ বছরের গ্যারান্টির শর্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অথচ এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি থেকে সরবরাহ করা পাইপে ছয় মাসের মধ্যেই ছিদ্র সৃষ্টি হওয়ার অভিযোগ উঠেছে। যদি পরীক্ষায় এ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে সরবরাহকারী প্রতিষ্ঠানের পাশাপাশি পাইপের গুণগত মান যাচাই, গ্রহণ এবং স্থাপনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা জরুরি।
প্রকল্পের দরপত্র প্রক্রিয়া নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ অনুযায়ী, সাবেক প্রকল্প পরিচালক ও তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম ২০২৩-২৪ অর্থবছরে ২৬১টি আহ্বান করা দরপত্রের মূল্যায়ন কমিটির (টিইসি) সভাপতির দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন উঠেছে, প্রকল্প বাস্তবায়ন ও ক্রয় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা কীভাবে একই প্রকল্পের এতগুলো দরপত্রের মূল্যায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেন? এ ক্ষেত্রে সরকারি ক্রয় নীতিমালা অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করা প্রয়োজন।
সরকারি ক্রয় নীতিমালার (পিপিআর) বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন কমিটির স্বাধীনতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প পরিচালক নিজেই যদি ক্রয় ও বাস্তবায়ন কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন এবং একই সঙ্গে দরপত্র মূল্যায়ন কমিটির নেতৃত্ব দেন, তাহলে স্বার্থের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, দরপত্র আহ্বানকারী ও চুক্তি বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ভূমিকা এবং দরপত্র মূল্যায়ন কমিটির কার্যক্রমের মধ্যে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ভারসাম্য থাকা জরুরি। এ ক্ষেত্রে পিপিআরের সংশ্লিষ্ট বিধান, বিশেষ করে বিধি ১১ এবং দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের প্রশাসনিক আদেশ পরীক্ষা করে দেখতে হবে, প্রকল্প পরিচালকের ওই দায়িত্ব পালন আইনসম্মত ছিল কি না।
বিএডিসির মনিটরিং বিভাগ ও আইসিটি সেলের প্রধান আব্দুস ছাত্তার গাজী এ বিষয়ে বলেন, ‘কোনো প্রকল্প পরিচালকের তাঁর নিজের প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি হওয়ার আইনি সুযোগ নেই। এ কারণে প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
একই ধরনের মন্তব্য করেছেন বিএডিসির পরিকল্পনা বিভাগের প্রধান মো. ফেরদৌস হাসান। তাঁদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে ২৬১টি দরপত্রে মূল্যায়ন কমিটির সভাপতি হিসেবে মো. নুরুল ইসলামের দায়িত্ব পালনের বিষয়টি বিশেষভাবে তদন্ত করা প্রয়োজন।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দরপত্রের বিজ্ঞপ্তি, মূল্যায়ন কমিটি গঠনের আদেশ, সভার কার্যবিবরণী, মূল্যায়ন প্রতিবেদন ও অনুমোদনসংক্রান্ত নথি পরীক্ষা করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
প্রকল্পের অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম নিয়েও নানা অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনির বদলি এবং দায়িত্ব হস্তান্তরের ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
অনুসন্ধানে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. নুরুল ইসলাম সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনিকে বদলি করার উদ্যোগ নেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফাতেমা আক্তার জেনি একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন এবং দাপ্তরিক কাজে আইন ও বিধিবিধান অনুসরণের বিষয়ে আপসহীন ছিলেন।
তখন তিনি সন্তানসম্ভবা থাকায় বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাঁকে তাৎক্ষণিকভাবে বদলি করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে অনিয়মের প্রশ্রয় না দেওয়ায় তাঁর সঙ্গে প্রকল্প পরিচালকের দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে বিএডিসির তৎকালীন ক্ষুদ্র সেচ বিভাগ ও চেয়ারম্যানকে প্রভাবিত করে তাঁকে বদলি করা হয় বলে অভিযোগ উঠেছে।
২০২৫ সালের ১ জুন তাঁকে বিএডিসির প্রধান কার্যালয়ে বদলি করা হয়। কিন্তু তাঁর দায়িত্ব হস্তান্তরের কার্যকর তারিখ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়।
তথ্য অনুযায়ী, ওই বছরের ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি ছিল। ফাতেমা আক্তার জেনি ১৫ জুন যথারীতি কাজে যোগ দিয়ে কয়েকটি দাপ্তরিক কাগজে স্বাক্ষর করেন। কিন্তু অভিযোগ রয়েছে, সাবেক প্রকল্প পরিচালক তাঁকে ৪ জুন তারিখ উল্লেখ করে ক্ষমতা হস্তান্তরপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। পরবর্তী সময়ে ১৫ জুন তাঁর স্বাক্ষর করা কয়েকটি দাপ্তরিক পত্র বাতিল করা হয় এবং ১৬ জুন তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ ঘটনায় দায়িত্ব হস্তান্তরের তারিখ, দাপ্তরিক স্বাক্ষর এবং পরবর্তী সময়ে নথি বাতিলের কারণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক নথি যাচাই করে তদন্ত করা প্রয়োজন।
এই প্রতিবেদক নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনির সঙ্গে সরাসরি কথা বলে ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে চাইলে তিনি কোনো বিস্তারিত মন্তব্য করেননি। তবে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘বিএডিসি দেশের জন্য অনেক কাজ করছে। বিএডিসির পক্ষে থাকুন, বিএডিসির পক্ষে লিখুন।’
তাঁর বক্তব্য থেকে প্রকল্পের অভ্যন্তরীণ প্রশাসনিক পরিবেশ নিয়ে আরও কিছু প্রশ্ন সামনে এলেও সংশ্লিষ্ট সব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।
সংশ্লিষ্ট প্রকল্পের সাবেক পরিচালক ও বিএডিসির চট্টগ্রাম দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম ২০২৩ সালের ৯ অক্টোবর প্রকল্প পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএডিসির সেচ বিভাগ, উপবিভাগ-১-এর ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৫১৬ নম্বর পত্রের মাধ্যমে তাঁকে প্রকল্প পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
তবে প্রকল্প পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার পরও তাঁর বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
অভিযোগ উঠেছে, পুনরায় প্রকল্প পরিচালকের দায়িত্ব ফিরে পেতে তিনি সরকারদলীয় অন্তত তিনজন সংসদ সদস্য, দুজন কৃষিবিদ নেতা এবং একজন সচিবের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে তদবির অব্যাহত রাখেন। এ ঘটনায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিব্রত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তাঁর এ ধরনের তদবিরের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের ০৪.০০.০০০০.০০০.৪১৬.৯৯.০০০৮.২৬.৫৯৮ নম্বর স্মারকের পরিপত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। ওই পরিপত্রের ২ নম্বর ক্রমিকে সরকারি কর্মচারীদের চাকরিসংক্রান্ত বিষয়ে বিভিন্ন ব্যক্তি বা কর্মকর্তার মাধ্যমে তদবির করার প্রবণতাকে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড অসদাচরণ হিসেবে বিবেচিত হতে পারে বলে বলা হয়েছে।
এ অবস্থায় সাবেক প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত তদবিরের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে, তা নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা রয়েছে।
বিএডিসির চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের অনিয়মের বিষয়টি সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন সভায়ও আলোচনায় এসেছে বলে জানা গেছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ (কৃষি, পানি ও সম্পদ খাত)-এর মহাপরিচালক মো. মাছুদুল হক ওই সভায় অংশগ্রহণ করেন। সভায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে মতামত দেওয়ার একপর্যায়ে তিনি বিএডিসির চট্টগ্রাম ও কক্সবাজার প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে সাবেক প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সভায় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ইতোমধ্যে প্রকল্প পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তবে প্রশ্ন হচ্ছে, একজন প্রকল্প পরিচালককে পদ থেকে অব্যাহতি দিলেই কি তাঁর দায়িত্ব পালনকালে সংঘটিত সম্ভাব্য আর্থিক অনিয়ম ও দুর্নীতির নিষ্পত্তি হয়ে যায়? প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের সঙ্গে বাস্তব উন্নয়নকাজের সামঞ্জস্য যাচাই না করে কেবল প্রশাসনিক সিদ্ধান্তে বিষয়টির সমাপ্তি টানা কতটা যুক্তিসংগত?
সাবেক প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের স্বার্থে আমি দায়িত্ব গ্রহণের শুরু থেকেই সব প্রকল্প পরিচালককে সতর্ক করেছি। কারও বিরুদ্ধে অনিয়ম প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, ‘আপনি নিশ্চয়ই জানেন, বিএনপি সরকার গঠন করেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে। কৃষি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে আমরা কাজ করছি। আমি নিজেও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করছি। কারণ আমাদের স্বপ্ন “সবার আগে বাংলাদেশ” এবং “দুর্নীতিমুক্ত বাংলাদেশ”। এই অগ্রযাত্রায় কারও সামান্য দুর্নীতি প্রমাণিত হলেও, সে যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।’
কৃষি মন্ত্রণালয়ের একটি প্রশাসনিক সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রকল্পগুলোর চলমান কার্যক্রম সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তদারকি করা হচ্ছে। কোনো কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে ছাড় দেওয়া হবে না।
বিএডিসির চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের জুন মাসে। প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত। প্রকল্পের অনুমোদিত ব্যয় ৬০২ কোটি ২৬ লাখ টাকা।
সাবেক প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালনকালে প্রকল্পের আওতায় ব্যয় হয়েছে ৪৪৬ কোটি ২৯ লাখ টাকা বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, এই বিপুল পরিমাণ অর্থের বিপরীতে বাস্তবে কী পরিমাণ উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে? কতটুকু অর্থের বিপরীতে টেকসই অবকাঠামো নির্মিত হয়েছে এবং কতটুকু অর্থের ব্যবহার নিয়ে অনিয়ম বা অপচয়ের অভিযোগ রয়েছে?
বিশেষ করে ৪৫৫ সেট ভূগর্ভস্থ সেচনালার পাইপের গুণগত মান, স্থাপনকাজ, সরবরাহকারী প্রতিষ্ঠানের যোগ্যতা, দরপত্র মূল্যায়ন এবং ঠিকাদারদের বিল পরিশোধের বিষয়গুলো নিবিড়ভাবে পরীক্ষা করা জরুরি।
এ ক্ষেত্রে শুধু দাপ্তরিক প্রতিবেদন বা প্রকল্পের অগ্রগতি বিবরণীর ওপর নির্ভর না করে প্রকল্প এলাকার বাস্তব অবস্থা সরেজমিনে যাচাই করতে হবে। পাইপের নমুনা সংগ্রহ করে স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা, স্থাপিত পাইপলাইনের কারিগরি মূল্যায়ন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের চুক্তির শর্ত বাস্তবায়ন হয়েছে কি না, তা নিশ্চিত করা প্রয়োজন।
বিএডিসির এই প্রকল্পে নিম্নমানের পাইপ ব্যবহার, বিপুল অঙ্কের কার্যাদেশ, দরপত্র মূল্যায়নে সম্ভাব্য স্বার্থের সংঘাত, প্রশাসনিক সিদ্ধান্ত এবং প্রকল্প বাস্তবায়নে তদারকির ঘাটতির অভিযোগ এখন আর শুধু একটি দপ্তরের অভ্যন্তরীণ বিষয় নয়। এর সঙ্গে জড়িত রয়েছে সরকারি অর্থের সঠিক ব্যবহার, কৃষকের স্বার্থ এবং জাতীয় কৃষি উৎপাদন।
সংশ্লিষ্ট মহলের মতে, দুর্নীতি দমন কমিশন, নিরপেক্ষ প্রকৌশল বিশেষজ্ঞ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ তদন্ত পরিচালনা করা প্রয়োজন। তদন্তের আওতায় প্রকল্পের সব দরপত্র, কার্যাদেশ, পাইপের গুণগত মান, সরবরাহ ও গ্রহণসংক্রান্ত নথি, ঠিকাদারদের বিল এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি অন্তর্ভুক্ত করা উচিত।
বিশেষ করে ২০২৩-২৪ অর্থবছরে ২৬১টি দরপত্রের মূল্যায়ন কমিটির সভাপতি হিসেবে সাবেক প্রকল্প পরিচালকের দায়িত্ব পালনের বৈধতা, এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রি লিমিটেডকে ধারাবাহিক কার্যাদেশ দেওয়ার কারণ এবং ১০ বছরের গ্যারান্টির বিপরীতে ছয় মাসের মধ্যে পাইপে ছিদ্র সৃষ্টির অভিযোগের প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি।
এ ছাড়া নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনির বদলি ও দায়িত্ব হস্তান্তরের ঘটনায় কোনো প্রশাসনিক অনিয়ম ঘটেছে কি না, সেটিও তদন্তের আওতায় আনা প্রয়োজন।
সাবেক প্রকল্প পরিচালক ও বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে এই প্রতিবেদক তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি। ফলে প্রতিবেদন প্রকাশের আগে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই হওয়া জরুরি। ভবিষ্যতে উপযুক্ত তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হলে কিংবা এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব ও সম্মানের সঙ্গে প্রকাশ করা হবে।
সবশেষে বলা যায়, বিএডিসির এই প্রকল্পে ৬০২ কোটি ২৬ লাখ টাকার সরকারি বিনিয়োগের মূল উদ্দেশ্য ছিল কৃষকের জমিতে সেচের পানি পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করা। কিন্তু নিম্নমানের পাইপ ব্যবহারের অভিযোগে যদি কৃষক সেচের পানি থেকেই বঞ্চিত হন, তাহলে প্রকল্পের সাফল্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
কোনো কর্মকর্তা বা ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যক্তিগত স্বার্থের কারণে কৃষকের স্বার্থ এবং সরকারি অর্থের অপচয় হতে পারে না। তাই শুধু পদ থেকে অব্যাহতি নয়, প্রকল্পের প্রতিটি কার্যাদেশ, প্রতিটি পাইপ, প্রতিটি বিল এবং প্রতিটি ব্যয়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায় নির্ধারণ করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সেচব্যবস্থা দ্রুত সংস্কার করে কৃষকের জমিতে সেচের পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে।
এআইএল/সকালবেলা