
সাইফুল ইসলাম ফাহাদ, দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া: কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের সময় মো. নাইম (১৯) ও মো. মাজহারুলকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত নাইম সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং মাজহারুল একই গ্রামের মৃত শাহজাহানের ছেলে।
আটকের পর ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় দেবিদ্বার উপজেলায় এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা