
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধার মুখে মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ৪ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৪ জন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালানো হয়।
বিজিবির গোয়েন্দা তথ্য, সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থান এবং তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের এই প্রচেষ্টা শনাক্ত ও প্রতিহত করা সম্ভব হয়।
পরবর্তীতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও কার্যকর উদ্যোগে এবং বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প ওই ৪ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।
এআইএল/সকালবেলা