
বিশেষ প্রতিনিধি: সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি নিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁদের কথা হয়েছে। ওসি জানিয়েছেন, চারঘাটের দিক থেকে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ির মূল ফটকের সামনে সামান্য আগুন ধরানোর চেষ্টা করে। তবে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি টের পেয়ে এগিয়ে আসায় দুর্বৃত্তরা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ভবনটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। তবে ছড়িয়ে পড়া ওই ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য করেননি জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন।
অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) রাতে রাজশাহীর বিভিন্ন স্থানে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এর মধ্যে নগরীর বিআরটিসি বাস ডিপোতে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগ, রেললাইনে আগুন জ্বালিয়ে লাল নিশান টাঙানো, বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার মতো ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ, যা পরবর্তীতে নিষ্ক্রিয় করা হয়। পাশাপাশি রাজশাহীর দুর্গাপুর উপজেলার শালঘড়িয়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে।
এআইএল/সকালবেলা