
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষক লীগের এক নেতাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি শেষে আমি যখন গাড়িতে উঠছিলাম, ঠিক তখন গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী এক ব্যক্তিকে আমার কাছে ধরে এনে জানান যে, তিনি ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। প্রমাণ হিসেবে তারা আমাকে কৃষক লীগের কমিটির প্যাডে ওই ব্যক্তির নামও দেখান। তাৎক্ষণিকভাবে আমি আমার গানম্যানকে প্রেসক্লাবের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ডেকে আনতে বলি। পুলিশ সদস্যরা আসার পর ওই ব্যক্তিকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়।’
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, ‘জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গণমাধ্যমের ভিডিও ডাউনলোড করে ক্যাপশন দিয়ে প্রচার করছে যে, রাশেদ খাঁনের সঙ্গে থাকা আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা। আজ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি থাকায় জামায়াত-শিবিরকর্মীদের রাজপথে থাকার কথা ছিল। কিন্তু তারা আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে না থেকে উল্টো যারা রাজপথে সরব, তাদের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।’
কর্মসূচিতে লোকসমাগম নিয়ে সমালোচনার জবাবে রাশেদ খাঁন আরও লেখেন, ‘তারা প্রচার করছে, রাশেদ খাঁনের মিছিলে লোক নেই কেন? সমমনা জোট মূলত ছোট ছোট রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত একটি জোট। আওয়ামী লীগ সরকারের আমলেও এই জোট অল্প সংখ্যক মানুষ নিয়েই কর্মসূচি পালন করেছে। শহীদ ওসমান হাদীও ১০ থেকে ১৫ জন মানুষ নিয়েই ঢাকার রাজপথে লড়াই করেছিলেন। অথচ যারা শহীদ ওসমান হাদীকে ধারণ করেন বলে দাবি করেন, তারাই আবার কোন জোটের কতজন লোক নামল সেই হিসাব কষে বেড়াচ্ছেন। লাখো কর্মী থাকার পরও আপনারা লকডাউন প্রতিহত করতে মাঠে নামেননি; তাই আপনাদের হাজার হাজার লোকের চেয়ে সমমনা জোটের ৫০ জন কর্মীই বেশি গুরুত্বপূর্ণ।’
এআইএল/সকালবেলা