
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাক ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে জিসান (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের কাজীপাড়া সংলগ্ন গাজী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা পূর্বপাড়া গ্রামের বদিরুল ইসলামের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ব্যবসার কাজে কুষ্টিয়ার কুমারখালীতে গিয়েছিলেন জিসান। কাজ শেষে আলগামনে চড়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-০০৯৭) সঙ্গে আলগামনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র দুই মাস আগেই উপজেলার করমদী গ্রামে বিয়ে করেছিলেন জিসান। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা