
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সফরে পৌঁছে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ এশিয়ার প্রধান অ্যাভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার সরকারি মহাপরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দক্ষিণ এশিয়ার প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করতে চায় বর্তমান সরকার। সেই লক্ষ্য সামনে রেখেই ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উপস্থিত শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তারেক রহমান বলেন, "প্রযুক্তিকে কেবল ব্যবহার উপযোগী করে নয়, বরং নতুন নতুন উদ্ভাবনের জন্য তৈরি করতে হবে।" গতানুগতিক চিন্তার গণ্ডি পেরিয়ে সৃজনশীল ও নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে কার্যকর অবদান রাখার আহ্বান জানান তিনি।
তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য সরকারের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "অর্থসংকটের কারণে যেন কোনো প্রতিভাবান তরুণ বা কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ ফান্ড বরাদ্দ রেখেছে।"
প্রযুক্তির এই উৎকর্ষের যুগে বাংলাদেশের তরুণদের অসীম সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, "প্রযুক্তির যুগে তরুণরা যথাযথ সুযোগ পেলে তারাও উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের তারুণ্য আকাশ জয় করতে পারবে।"