
নিজস্ব প্রতিবেদক: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক আলোচনায় আসা এই ধর্মীয় নেতাকে রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায়।
জানা যায়, ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি প্রদান করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুফতি রুহুল আমিন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্যও তিনি চেষ্টা চালিয়েছিলেন। বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে চলে যান মুফতি রুহুল আমিন। এরপর গত বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে কিছু অনুসারীকে সঙ্গে নিয়ে তিনি বায়তুল মোকাররম মসজিদে প্রবেশ করেন। খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারী ও সাধারণ মুসল্লিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
মসজিদে বিশৃঙ্খলা ও সহিংসতার ওই ঘটনার দুদিনের মাথায়, অর্থাৎ ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করা হয়।
এআইএল/সকালবেলা