
আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। এ সময় নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বড়িয়া পূর্বপাড়া গ্রামের বাছের শেখের দুই ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের কয়সার প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিককে (৪৫) মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত আটককৃত প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এআইএল/সকালবেলা