
নিজস্ব প্রতিবেদক: ভারতে পলাতক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁকে দেশে ফিরিয়ে আইনি হেফাজতে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে এ নোটিশ পাঠান। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী বা প্রাপক করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের কোনো সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার যে সাংবিধানিক দায়িত্বের কথা বলা হয়েছে, সেই দায়িত্ববোধ থেকেই নিরপেক্ষভাবে নোটিশটি পাঠানো হয়েছে। পাশাপাশি সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টিও এতে তুলে ধরা হয়েছে।
জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থানের কারণে এসব রাষ্ট্রীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোটিশদাতা। এ প্রসঙ্গে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে আশ্রয় এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় অবস্থানের ফলে সৃষ্ট আঞ্চলিক ও ভূরাজনৈতিক সংঘাতের উদাহরণ টেনে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এমন কোনো বৈরিতা তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া হিসেবে নোটিশে কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম পদক্ষেপ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। এরপর ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তা কাজে লাগিয়ে সেখানে তাঁর প্রবেশ ও আনুষ্ঠানিক আত্মসমর্পণের সুযোগ তৈরি এবং বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দলের মাধ্যমে তাঁকে হেফাজতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে কঠোর নিরাপত্তায় তাঁকে দেশে আনার কথা বলা হয়েছে।
দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তাঁর পৈতৃক বাড়িকে কারা আইন ও জেল কোড অনুসরণ করে বিশেষ ‘সাবজেল’ বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি তাঁকে টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাবজেলে নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।
বিচারিক প্রক্রিয়ার বিষয়ে নোটিশে বলা হয়, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন সাপেক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখতে তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে অবহিত করার দাবি জানিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।