
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তিরা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর : শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, "বাংলাদেশে কোনো উগ্রপন্থি নেতা আশ্রয় নিয়ে সেখান থেকে ভারতে হামলা ও নাশকতার পরিকল্পনা করলে ভারত কখনো তা মেনে নিত না। অথচ বাংলাদেশের ক্ষেত্রে ভারত একই ধরনের পরিস্থিতি সহ্য করছে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন ব্যক্তিদের ভারত আশ্রয় দিচ্ছে। তারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।"
ভারতের ভূমিকার সমালোচনা করে এনসিপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, গত আড়াই বছর ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। এসব ব্যক্তি বাংলাদেশে এসে অপরাধমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে ভারতের এমন ভূমিকা বাংলাদেশের নিরাপত্তার জন্য চরম উদ্বেগের। তিনি বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে ভারতের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার এবং দেশটির অবস্থান স্পষ্ট করার জোরালো আহ্বান জানান।
দেশের গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বাসে পেট্রলবোমা হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংবাদমাধ্যম শিরোনামে শুধু ‘বাসে ককটেল বিস্ফোরণ’ বা ‘দুষ্কৃতকারীদের তাণ্ডব’ বলে উল্লেখ করে। এর ফলে প্রকৃতপক্ষে কারা এসব নাশকতা ঘটাচ্ছে, তা আড়ালে থেকে যায়। অতীতে বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘তাণ্ডব’ শব্দ ব্যবহার করা হলেও আওয়ামী লীগের নাশকতার ক্ষেত্রে গণমাধ্যম ভিন্ন ভাষা ব্যবহার করছে বলে তিনি মন্তব্য করেন।
আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসনের কঠোর বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটি চিরতরে নিষ্পত্তি হয়ে গেছে। দলটির শাসনামলে সংঘটিত সকল হত্যা, গুম ও নির্যাতনের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। শুধু আদালতের রায় ঘোষণা করলেই হবে না, সেই রায় দ্রুত কার্যকর করতে হবে। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।