
অনলাইন ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে তেলবাহী জাহাজে অব্যাহত হামলা এবং বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগের চেয়ে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির বিষয়টি বেশি গুরুত্ব পাওয়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) তেলের দামে এই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
আন্তর্জাতিক বাজারের তথ্যানুযায়ী, গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৯১ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “বাজার এখন ক্রমেই মেনে নিচ্ছে যে তেলের সরবরাহ শেষ পর্যন্ত চাহিদার সমপর্যায়ে পৌঁছেছে এবং এখন তা চাহিদাকেও ছাড়িয়ে যেতে পারে। সরবরাহ ও চাহিদার এই পরিবর্তনই আজ তেলের দামের ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করছে।”
এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হবে। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুনরুদ্ধারের গতি বৈশ্বিক তেলের চাহিদা বৃদ্ধির চেয়ে বেশি হওয়ায় বাজারে এমন পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে।
যদিও ওই অঞ্চলে নৌযানে হামলা এখনো পুরোপুরি থামেনি। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন অব্যাহত থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল রপ্তানি রুটটি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
এ প্রসঙ্গে টিম ওয়াটারার বলেন, “যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে তৈরি ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে আপাতত বাজারে এর গুরুত্ব কিছুটা কমে এসেছে।”
এদিকে তেলের প্রবাহ বাড়তে থাকার খবরে বাজারের তাৎক্ষণিক উদ্বেগ কিছুটা কমলেও সামগ্রিক তেলবাজারের স্থিতিশীলতা এখনো বড় ধরনের চাপের মুখে রয়েছে। এএনজেড ব্যাংকের বিশ্লেষকেরা এক নোটে সতর্ক করে বলেছেন, তেলের সরবরাহ, মজুত, পরিশোধন এবং কার্যকর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা এখনো বেশ ঝুঁকির মুখে রয়েছে।