
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর বর্তমানে সাঈদ খোকন গুলশান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক মামলা রয়েছে। সবশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। সে সময় দুদকের আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান এবং বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন, যার সঙ্গে এসব হিসাবের আর্থিক যোগসূত্র রয়েছে।
আবেদনে আরও বলা হয়েছিল, এসব হিসাব থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে; যা ঘটলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণ করা এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যসহ তাঁর মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
এআইএল/সকালবেলা