
স্টাফ রিপোর্টার: পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও প্রখ্যাত মুহাদ্দিস হজরত মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তাঁর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
বর্ষীয়ান এই আলেমের ইন্তেকালে পাকিস্তানসহ বিশ্বজুড়ে তাবলিগ জামাতের সাথী ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা হাজি নযরুর রহমান ২০১৮ সাল থেকে পাকিস্তানে তাবলিগ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তৎকালীন আমির হজরত মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ জীবন ধরে তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন।
১৯২৯ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রবীণ আলেম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। তিনি পাকিস্তানে তাবলিগ জামাতের সূচনালগ্নের অন্যতম প্রবীণ সাথী ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দাওয়াত ও তাবলিগের কাজে ব্যয় করেছেন এবং রাইউইন্ড মারকাজের সঙ্গে যুক্ত থেকে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমে অনন্য অবদান রেখেছেন।
সোমবার রাতেই পাকিস্তানের রাইউইন্ড মারকাজে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, মাওলানা নযরুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এআইএল/সকালবেলা