
বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে তিনজনকে আটক করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল সন্দেহভাজন প্রাইভেটকারটির গতি রোধ করে তল্লাশি চালায়। এ সময় গাড়ি থেকে বস্তাবন্দী ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)। পুলিশ জানায়, আটক মহিউদ্দিনের স্থায়ী ঠিকানা ইটাখোলা এলাকায়।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জামাল মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা ও থানার তদন্ত কর্মকর্তা।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, মাদকের বিস্তার রোধে থানা-পুলিশ ও ফাঁড়িগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
এআইএল/সকালবেলা