
নিজস্ব প্রতিবেদক: হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর দুটিতে রিং (স্টেন্ট) পরানো এবং একটিতে বেলুনিং করানো হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের। সফল চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর কন্টিনেন্টাল হসপিটাল পিএলসিতে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মো. ফজলে রাব্বী খান জানান, সফল অস্ত্রোপচার ও নিবিড় পর্যবেক্ষণের পর বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে। তিনি স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে এবং চিকিৎসকদের পরবর্তী পর্যবেক্ষণে কোনো জটিলতা দেখা না দিলে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
এর আগে গতকাল রোববার (১৫ নভেম্বর) বিকেলে হাসপাতালটিতে স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে জরুরি চিকিৎসা প্রদান করা হয়। সে সময় তার হৃদ্যন্ত্রের দুটি ব্লকে রিং পরানো এবং অন্য একটি ব্লকে বেলুনিং করা হয়। দেশের স্বনামধন্য হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।