
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের মাত্র চার মাসের মাথায় এক নববধূর কন্যাসন্তান প্রসবের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে ওই গৃহবধূকে আনুষ্ঠানিকভাবে তালাকনামা পাঠিয়েছেন তাঁর স্বামী মিরাজ হোসেন (২৫)। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে আলোচিত এই ঘটনাটি ঘটেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার গ্রামের ওই তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে পেশায় নৌকার মাঝি মিরাজ হোসেনের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পূর্বে ওই তরুণী স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
বিয়ের পর গত ৩১ অক্টোবর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে এক কন্যাসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ। বিয়ের এত অল্প সময়ের ব্যবধানে সন্তান জন্মদানের বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন ও সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর স্ত্রীকে তালাকনামা পাঠিয়ে দেন মিরাজ।
ভুক্তভোগী ওই তরুণী অভিযোগ করে জানান, তাঁর এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি নবজাতককে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এ ঘটনায় অভিযুক্ত আবুল খায়েরের সঙ্গে সামাজিকভাবে বিয়ে ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই অভিযুক্ত আবুল খায়ের এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন এবং তাঁর পরিবারের সদস্যরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ প্রসঙ্গে স্বামী মিরাজ হোসেন বলেন, “বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিয়ে নিশ্চিত হই যে, এর পেছনে তাঁর মামাতো ভাই আবুল খায়ের জড়িত। এ কারণেই আমি তাঁকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বিষয়টি নিয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ভূত পরিস্থিতি সামাজিকভাবে মীমাংসার লক্ষ্যে উভয় পরিবারকে নিয়ে রোববার বিকেলে তাঁর কার্যালয়ে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছে।
এআইএল/সকালবেলা