
অনলাইন ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সারের আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, বাংলাদেশে সাধারণত স্তন (ব্রেস্ট), কোলোরেক্টাল এবং মুখগহ্বরের (ওরাল) ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব মরণব্যাধি প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে জনসচেতনতা তৈরি এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে তৃণমূলের প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় ক্যান্সার নীতিমালা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি জানান, দেশের প্রান্তিক মানুষের দুর্ভোগ কমাতে সরকার ইতিমধ্যে প্রতিটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।
ক্যান্সারের মতো জটিল পরিস্থিতি মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ও অংশগ্রহণ প্রয়োজন। এই সমন্বয় সাধনের লক্ষ্যে সরকার খুব শিগগিরই ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন এবং কার্যকর আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনিসহ স্বাস্থ্য খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা